গোবিন্দগঞ্জের কৃতি সন্তান আরিফ হোসেন চৌধুরীর পিএইচডি স্কলারশিপ অর্জন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (MME) বিভাগের শিক্ষক আরিফ হোসেন চৌধুরী অনিক যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (স্টোনি ব্রুক) থেকে পিএইচডি গবেষণার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। জানা গেছে, তিনি গত ৯ আগস্ট ২০২৬ নিউইয়র্কে পৌঁছেছেন। আগামী ২৪ আগস্ট থেকে তার নিয়মিত পিএইচডি শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আরিফ হোসেন চৌধুরী অনিক গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আফজাল হোসেন এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের জাতীয় বাতজ্বর ইনস্টিটিউটের স্বাস্থ্য সহকারী মোছা. জোহরা খাতুন-এর পুত্র। তার পরিবারও শিক্ষা, পেশাগত সাফল্যে সমৃদ্ধ। একমাত্র বড় বোন ডা. আনিকা চৌধুরী জিমি যুক্তরাষ্ট্রের United States Medical Licensing Examination (USMLE) সফলভাবে উত্তীর্ণ হয়ে বর্তমানে নিউইয়র্কে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। অপরদিকে, তার যমজ ভাই আসিফ হোসেন চৌধুরী অয়ন ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস সম্পন্ন করে বর্তমানে একই প্রতিষ্ঠানে ইন্টার্ন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই পরিবারের সদস্যদের ধারাবাহিক এই সাফল্যে গোবিন্দগঞ্জবাসী গর্বিত ও আনন্দিত। আরিফ হোসেন চৌধুরী অনিক সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি সফলভাবে পিএইচডি শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজে লাগাতে পারেন।