রহনপুর পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শক সভা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত ও টেকসই করতে মাস্টার প্ল্যান (মহাপরিকল্পনা) প্রণয়নের তৃতীয় পরামর্শকরণ সভা হয়েছে। সভায় পৌর এলাকার সড়ক ও যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা সম্প্রসারণ, যানবাহন চলাচল, আবাসন এবং ভবিষ্যৎ নগরায়ণসহ বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন অংশীজনেরা। রহনপুর পৌর চত্বরে রহনপুর পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যানটি প্রণয়ন করা হচ্ছে। মাস্টার প্ল্যান প্রণয়নের কাজে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ডাটা এক্সপার্টস লিমিটেড, ডেভ কনসালট্যান্টস লিমিটেড ও জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড (জিপিএডি)। রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ ও ডেপুটি টিম লিডার শামাউন আল নূর জরিপের ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন। একই সঙ্গে মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক দিকনির্দেশনাও তুলে ধরেন তিনি। সভায় বক্তব্য দেন এলজিইডির আরবান প্ল্যানার ফারহানা রহমান, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, প্রভাষক তাজামুল ইসলাম, নাজিমুদ্দিন হীরা, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলাম, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল, শিক্ষিকা ইয়াসমিন সুলতানা ও শাহনাজ বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা। আলোচনায় বক্তারা বলেন, রহনপুর পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত ও টেকসই করতে একটি বাস্তবভিত্তিক মাস্টার প্ল্যান অত্যন্ত জরুরি। পৌর এলাকার বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধি, আবাসন, সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা ও পরিবেশের বিষয়গুলো মহাপরিকল্পনায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করতে হবে। তাঁরা বলেন, পরিকল্পনাহীন নগরায়ণ ভবিষ্যতে নাগরিক দুর্ভোগ আরও বাড়িয়ে দিতে পারে। তাই স্থানীয় মানুষের প্রয়োজন, বাস্তবতা ও মতামতকে গুরুত্ব দিয়ে এমন একটি মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে, যা শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না; বরং বাস্তবায়নযোগ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। সভায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার উন্নয়নকে আরও বাস্তবমুখী ও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। সংশ্লিষ্টরা জানান, সভায় উঠে আসা মতামত ও সুপারিশগুলো মাস্টার প্ল্যান প্রণয়নের সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। স্থানীয় অংশীজনদের মতে, সঠিক পরিকল্পনার মাধ্যমে রহনপুর পৌরসভার বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি ভবিষ্যৎ নগরায়ণকে সুশৃঙ্খল করা সম্ভব। এজন্য প্রণীত মহাপরিকল্পনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।