বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ড. এম এনামুল হকের ইন্তেকাল
বাংলাদেশ পুলিশের সাবেক আইজি, ইন্টারপোল ও আইন কমিশনের সাবেক সদস্য এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. এম এনামুল হক রবিবার (৩০ আগষ্ট) ফজরের সময় ইন্তেকাল করেছেন (ইন্না ... রাজিউন)। তিনি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়ার মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির বড় সন্তান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। ড. এম এনামুল হক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হকের পিতা। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হকের বড় ভাই, বিএমডিএর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ড. এম আসাদুজ্জামানের ভাই এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের ভাই। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদের তিনি বড় চাচা। ড. এম এনামুল হকের মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ড. এম এনামুল হক এর মৃত্যুতে গোদাগাড়ী হারালো এক নক্ষত্র। এই শুন্যতা আর পুরণ হবার নয়। মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় আ.ফ.জি.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ডাইংপাড়া ফাজিলপুর গোরস্থানে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হবে। উল্লেখ্য, মরহুম ড. এম এনামুল হক ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে তাঁর পেশাগত জীবন শুরু করেন। কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে সেবা দেন। কর্মজীবনে তিনি ছিলেন একজন সুনামধন্য, মেধাবী ও দায়িত্বশীল ব্যক্তিত্ব। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে দেশের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মরহুমের জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করে তাঁকে শেষ বিদায় জানাতে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। ড. এম এনামুল হক এর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।