মঙ্গলবার, অক্টোবর ০৭, ২০২৭

১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক ঘেরাও - ভূক্তভোগীদের সংবাদ সম্মেলন

বিশেষ (ঢাকা) প্রতিনিধি ০৩ অক্টোবর ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন জাতীয়
বিশেষ (ঢাকা) প্রতিনিধি ০৩ অক্টোবর ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন
১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংক ঘেরাও - ভূক্তভোগীদের সংবাদ সম্মেলন

সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। সরকার ঘোষিত ২০০৪, ২০১৬ ও ২০১৮ সালের প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে আগামী ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ। আগামী ১০ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা না এলে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার (০৩ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব জোনাল, এরিয়া ও শাখা অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহের ঘোষণাও দেন তারা। সংগঠনের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকের সাবেক জিএস শরিফুল ইসলাম, কাজী নাছির উদ্দীন, রফিকুল ইসলাম, শ্যামল মিত্র, রবিউল আওয়াল, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, এ কে আজাদ, মমতাজ হোসেন, সাখাওয়াত হোসেন ও সৈয়দ মহসিনসহ অনেকে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য সুবিধা বাস্তবায়নের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন তারা। ২০০৪ ও ২০১৬ সালের প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে এর আগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন সংগঠনের সদস্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা ও উৎসব ভাতা প্রদান, অবসরের ১৫ বছর পর পেনশন পুনঃস্থাপন এবং মাসিক পেনশন চালু করা। সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা মানস নন্দী এবং সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ। সংগঠনের নেতারা জানান, ১০ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকরের ঘোষণা না এলে ১১ অক্টোবর থেকে ঘোষিত কর্মসূচি শুরু হবে। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত পদক্ষেপ কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।