নওগাঁয় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত-আহত ৪
নওগাঁর ধামইরহাট উপজেলায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের পরিবারের আরও চার জন। শুক্রবার সন্ধ্যায় ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এই নিহত ও আহতের ঘটনা ঘটে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। নিহত আবুল কাশেম (৪২) ওই গ্রামের প্রয়াত রাজ মাহমুদ মÐলের ছেলে। আহতরা হলেন-আবুল কাশেমের বড় ভাই মুক্তার আলী, ভাইয়ের স্ত্রী রেখা বেগম, বড় ভাই বদিউল ইসলাম এবং ছোট ভাই ইমরান আলী। তারা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে আবুল কাশেমের পরিবারের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আবুল কাশেমকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উভয়পক্ষের মধ্যে আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল বলে জানান এলাকাবাসীরা। ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান সাংবাদিকদের জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ঘটনাটির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।