বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৭

গোমস্তাপুরে ইউএনওর গাড়িতে পাথর নিক্ষেপ ॥ আহত ৫

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন
গোমস্তাপুরে ইউএনওর গাড়িতে পাথর নিক্ষেপ ॥ আহত ৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়া (শান্তিপাড়া) এলাকায় মাদকবিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে গাড়ির একটি গ্লাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে সংঘর্ষে পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে রহনপুর রেলস্টেশন-সংলগ্ন কেডিসিপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কামরুল (৪০), শাম মোহাম্মদ (৪৫), মাইনুল (৩৫), ফারুক (৪৫) ও রিফাত (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, রহনপুর রেলস্টেশন এলাকায় আম ব্যবসায়ী ও মাদক কারবারে জড়িতদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দিনভর এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। রাতে পরিস্থিতি দেখতে সেখানে যান ইউএনও মো. জিল্লুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা। রহনপুর রেলস্টেশন বাজার আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন বলেন, কেডিসিপাড়া এলাকাকে মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করার লক্ষ্যে তারা কাজ করছেন। মঙ্গলবার রাতে তাদের সদস্যরা মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় কয়েকজন হামলার শিকার হন। এ ঘটনায় নারীসহ কয়েকজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, স্থানীয় যুবদল নেতা আব্দুল্লাহর লোকজন এ হামলায় জড়িত। তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, “রহনপুর রেলস্টেশন এলাকার শান্তিপাড়ায় আম ব্যবসায়ী ও মাদক কারবারে জড়িতদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার দিনভর উত্তেজনা ছিল। পরিস্থিতি দেখতে রাতে আমরা সেখানে যাই। এসময় কয়েকজন আম ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়। আহত একজনকে হাসপাতালে নেওয়ার সময় বিভিন্ন দিক থেকে পাথর নিক্ষেপ করা হয়। একটি পাথর আমার গাড়িতে লাগলে গাড়ির গ্লাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়।” তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের কর্মকর্তারা চলে আসার পরও আম ব্যবসায়ীদের কয়েকজনের ওপর হামলা হয়েছে এবং এতে পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনায় বুধবার পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। এদিকে, স্থানীয়দের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা থাকায় কেডিসিপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।