রাজশাহীতে সাকা প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কৃষি উৎপাদন ব্যবস্থার খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিবান্ধব ও টেকসই কৃষি প্রযুক্তির সম্প্রসারণের কাজ করছে সাকা প্রকল্প। প্রকল্পটি সংরক্ষণ কৃষি পদ্ধতিতে সরাসরি বীজ বপনের মাধ্যমে ধান আবাদ, সময় ভিত্তিক ফসল উৎপাদন ব্যবস্থাপনা, দক্ষতার সঙ্গে পানি ও সম্পদ ব্যবহার এবং কৃষিকেন্দ্রিক উদ্ভাবনী প্রযুক্তি বিস্তারের মাধ্যমে কৃষি খাতের টেকসই উন্নয়নে অবদান রাখছে। ২০২৪ সাল থেকে এ প্রকল্পের আওতায় রাজশাহীর গোদাগাড়ী ও দুর্গাপুর উপজেলায় দীর্ঘমেয়াদি কৃষি যান্ত্রিকীকরণভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন স্থানে গবেষণা মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে দেশি বিদেশি গবেষক দলের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রিচার্ড ডব্লিউ বেল, ড. ডেভীনা বয়েড ও ড. রিসেল স্পেন্সার, গ্রিফিত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চেংগুরুং চেং, অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চের আরপিএম ড. জনভি গোলরন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. এম. আর. জাহাঙ্গীর, ড. বিপ্লব কুমার সাহা, প্রফেসর ড. মাহমুদা নাসরিন ও প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন, কৃষি গবেষণা ফাউন্ডেশনের ডিরেক্টর ড. মোঃ আক্কাস আলী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খাইরুল আলম ভূইয়া। দেশি-বিদেশি গবেষক দলটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিগ্রাম, হঠাৎপাড়া, ছয়ঘাটি, বিজয়নগর ও সাড়ইল এলাকার বিভিন্ন গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় করেন। দেশি-বিদেশি গবেষকদের সাথে সাকা প্রকল্পের প্রধান সমন্বয়কারী ও অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোঃ এনামুল হক অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত তুলে ধরেন।