চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি মদসহ মোঃ নাইম হক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসময় তার বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৭ বোতল বিদেশি মদ, ওষুধের বোতলজাত পণ্য এবং বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজনগর হাংগামী এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাইম হক ওই এলাকার বাসিন্দা। সে মোঃ বাবুল ইসলামের ছেলে। এসআরবি এক প্রেসনোটে জানায়, অভিযানে নাইম হকের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৩৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ১২ বোতল ÔKuf ReliefÕ’, ৬৬ বোতল ‘WINCEREX’ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের মোট মূল্য ৩ লাখ ১ হাজার টাকা বলে জানানো হয়েছে। এছাড়া ৩৫ বান্ডেল ভারতীয় পাতার বিড়ি, প্রতি বান্ডেলে ২০ প্যাকেট হিসাবে মোট ৭০০ প্যাকেট বিড়ি, এক পোটলা খোলা ভারতীয় পাতার বিড়ি এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এসআরবি আরও জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি’র অভিযান অব্যাহত রয়েছে।