শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে সেবার মানোন্নয়ন-আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপন নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সেবার মানোন্নয়ন-আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপন নিয়ে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জের একমাত্র সরকারী হাসপাতাল-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট নিরসন, আইসিইউ সেবা চালু, হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি এবং জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান আ. ন. ম. বজলুর রশিদ। মতবিনিময় সভায় জেলার স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের জন্য উন্নত, মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আ. ন. ম. বজলুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে।


চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট নিরসন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ আরও বলেছেন, হঠাৎ করেই ডেঙ্গু পরিস্থিতি এমন বেড়ে যায়নি। গতবছর ও তার আগের বছরেও ব্যাপক ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছিল। হাসপাতালে রোগী আসলো যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। ওষুধপত্র ও স্যালাইনসহ অন্যান্য সরঞ্জামের সরবরাহ রয়েছে। তবে আক্রান্ত হওয়ার আগেই সকলকে সচেতন হতে হবে। চাঁপাইনবাবগঞ্জ হটস্পট হলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। পাশাপাশি আমরা আশা করছি, অক্টোবরের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে কমে আসবে। এবছর ডেঙ্গুর প্রার্দুভাব বেশি হওয়ার অন্যতম একটি কারন থেমে থেমে ঘণ ঘণ বৃষ্টিপাত। কম পরিমানে থেমে থেমে বৃষ্টি হওয়ায় তা জ্বমে ডেঙ্গুর প্রার্দুভাব বেশি হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার, ডা. মোঃ ময়েজ উদ্দিন, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকরা। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি। হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট নিরসন, শয্যাসংখ্যা বৃদ্ধি, আইসিইউ সেবা চালু এবং উন্নত চিকিৎসার সুযোগ সম্প্রসারণ করতে হবে। এ ছাড়া জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সভায় জেলার স্বাস্থ্যসেবার বিদ্যমান সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের জন্য উন্নত, মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব হাসপাতালের আশেপাশের বিভিন্ন এলাকা, রান্নাঘর, ডেঙ্গুসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরে তিনি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।