দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী তুষী ॥ পরিবারের সংবাদ সম্মেলন
ময়মনসিংহের ভালুকায় অপহরণের দুই মাস পাঁচ দিন পার হলেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী মারুফা আক্তার তুষী। মেয়েকে উদ্ধারের পাশাপাশি অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রোববার (০১ নভেম্বর) ভালুকা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তুষীর মা অভিযোগ করেন, তাঁর মেয়ে মারুফা আক্তার তুষী উপজেলার নারাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে প্রতিবেশী ত্রিশাল উপজেলার উথুরা ইউনিয়নের মেনজেনা গ্রামের আবদুল আলীম কাজলের ছেলে রনি মিয়া তাঁকে নিয়মিত উত্ত্যক্ত করতেন। বিষয়টি রনির বাবা-মাকে একাধিকবার জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তুষীর মায়ের অভিযোগ, উল্টো ক্ষিপ্ত হয়ে গত ২৯ আগস্ট সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে রনি তাঁর সহযোগীদের নিয়ে তুষীকে অপহরণ করেন। তাঁকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এঘটনায় তুষীর বাবা বাদী হয়ে গত ১ অক্টোবর ভালুকা থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। পরে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। তুষীর মা আরও অভিযোগ করেন, রনির বাবা আবদুল আলীম কাজল উচ্চ আদালত থেকে আগাম জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। সামাজিকভাবে সালিস বৈঠকে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য কাজলের কাছে অনুনয়-বিনয় করেও কোনো ফল হয়নি বরং কাজল বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তিনি বলেন, আসামিদের নানা ধরনের হুমকিতে পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অপহরণের দুই মাস পাঁচ দিন পার হলেও পুলিশ এখনো আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। আমার মেয়ে বেঁচে আছে কি না, তাও জানি না। সংবাদ সম্মেলনে তুষীর মা তাঁর কিশোরী মেয়েকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অপহরণের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে তুষীর বাবা, পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।