ডায়াবেটিস দিবসে চাঁপাইনবাবগঞ্জে র্যালী ও বিনামূল্যে রোগী সনাক্তকরণ কর্মসূচী
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালী ও বিনামূল্যে নতুন রোগী সনাক্তকরণ করা হয়েছে। ‘ডায়াবেটিসে দেরী নয়-ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে শনিবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিক সমিতির পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে নতুন রোগী সনাক্তকরণ কর্মসুচী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডায়াবেটিক সমিতির পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাইমুল হক ও ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা মন্টুসহ অন্যরা। এসময় ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভায় জানানো হয় বাংলাদেশে প্রতিদিনই ডায়াবেটিস রোগী বৃদ্ধি পাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ক্ষেত্রে অবদান রেখে চলেছে। সভায় আরও জানানো হয়, আগামী ১৬, ১৭ ও ১৮ নভেম্বর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নতুন রোগীদের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও টিকিৎসা প্রদান করা হবে।