শুক্রবার, নভেম্বর ২০, ২০২৭

ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন সারাদেশ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন
ভালুকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা

ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দের অংশগ্রহণে 'সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয় নেতাদের করণীয়' শীর্ষক এক আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। বুধবার (১৮ নভেম্বর) ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেনের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাইন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাসীহুল্লাহ, দারুন নাজাত সিদ্দিকীয়া মডেল মাদ্রাসার পরিচালক আনছারুল হক সিদ্দিকী, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক স্বপন বনিক, উপজাতী গোষ্ঠির চেয়ারম্যান সুনিল বর্মন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা সমাজে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ধর্মীয় নেতাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।