সোমবার, নভেম্বর ২৩, ২০২৭

বৃষ্টির মধ্যেও রহনপুরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ॥ চ্যাম্পিয়ন ৭ নম্বর ওয়ার্ড

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন
বৃষ্টির মধ্যেও রহনপুরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ॥ চ্যাম্পিয়ন ৭ নম্বর ওয়ার্ড

বৃষ্টিকে উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৪ নম্বর ওয়ার্ডকে ২-০ গোলে পরাজিত করে ৭ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, রহনপুর পৌরসভা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেও ফুটবলপ্রেমীরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের জাতীয় সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। তিনি অন্যান্য অতিথির সঙ্গে দর্শক গ্যালারিতে বসে সাধারণ মানুষের সঙ্গে ফাইনাল খেলা উপভোগ করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান বলেন, তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি মাঠে খেলাধুলা আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত এবং সুস্থ ও সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তাঁরা কাজ করে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মুঃ তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতের আমির মুঃ মঈনুল ইসলাম, দিগন্ত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান খাদেমুল ইসলাম, রহনপুর মহিলা কলেজের প্রভাষক মুঃ মনিরুজ্জামান ডাবলু এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি আব্দুল্লাহ। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদন এবং ক্রীড়ামুখী পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়িত্বশীলতা গড়ে তুলতেও সহায়তা করে। টুর্নামেন্টের প্রতিপাদ্য ছিল, ‘সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে খেলায় ঐক্য’। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।