মন্ত্রিসভার প্রথম বৈঠক- নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
মন্ত্রিসভার প্রথম বৈঠক
নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
শপথ নেয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে খাদ্যপণ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আনতে দ্রুত ব্যবস্থা নিতে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এই সব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, চক্রান্ত করে পণ্যের দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে যেন কেউ বিক্ষুব্ধ করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। সরকারের বিরুদ্ধে কীভাবে মানুষকে বিক্ষুব্ধ করানো যায়, সেই চক্রান্ত চলছে। দেশি-বিদেশি বৈরি পরিবেশ মোকাবিলা করেই এগোতে হবে। মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। তিনি বলেন, অদ্ভুত ব্যাপার হলো খাদ্যপণ্যের যখন একটু দাম বাড়ে, কৃষক খুশি হয়, কিন্তু ভোক্তারা দুঃখ পায়, তাদের ওপর চাপ এসে পড়ে। এখানে ভারসাম্য করতে হবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমাদের প্রত্যেক মন্ত্রণালয়কে খেয়াল রাখতে হবে, কোনোরকম অপচয় যেন না হয়।মিতব্যয়ী হতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে। যেসব জিনিস খুব বেশি প্রয়োজন নেই সেখানে অহেতুক খরচ করবো না। হিসাব করে চলতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। অপচয় রোধে প্রতিটি মন্ত্রণালয়কেই হিসাব করে চলার পরামর্শও দেন সরকারপ্রধান। দ্বাদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামীলীগ সরকার গঠনের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।