সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড
নাটোরের সিংড়ায় গভীর রাতে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে প্রায় ৪০ টি পরিবারের বাড়ি ঘর। রবিবার (১৭ মে) রাত ২টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুর-মালকুর সহ আশেপাশের ৫ টি গ্রামে কালবৈশাখী ঝড়ে ওই ৪০টি পরিবার এমন ভয়াবহ ঘটনার শিকার হন।
প্রায় পৌনে ১ ঘন্টা সময় ধরে কালবৈশাখীর ছোবলে উড়ে যায় টিনের চাল, উপড়ে যায় বড় গাছ, ঝরে যায় মাঠের পাকা ধান। এতে ওই এলাকায় ৪০ টি পরিবারের আনুমানিক ১০ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরেজমিনে গিয়ে কথা হয় ভুক্তভোগী পরিবারের সাথে। থেলকুর গ্রামের গৃহবধু জেসমিন বেগম(৩৫) ও শাকিলা আক্তার (২৮) জানান, ঝড়ের গর্জনে গভীর রাতে ঘুম ভেঙে দেখি টিনের চালা নেই।
যে ঘরে আশ্রয় নেই, সেই ঘরেরই চালাই উড়ে যায়। এভাবে সারারাত ভয় আর আতংকের মধ্যে কেটেছে আমাদের। মালকুর গ্রামের মাসুদ রানা জানান, আমি বগুড়া শিবগঞ্জের একটি মসজিদে ইমামতির চাকুরী করি। রাত ৩ টায় মোবাইলে খবর পাই। সকালে এসে দেখি আমার ঘরের টিনের চালা উড়ে গেছে। আমি অনেক কষ্টে ঘরটি করেছিলাম। এদিকে, ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নিয়ে সরকারি আর্থিক সহযোগিতার কথা জানিয়েছেন নাটোর-৩ সিংড়া আসনের এমপি আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। ক্ষতিগ্রস্থ থেলকুর গ্রামের ভুক্তভোগীদের সাথে মোবাইলের ভিডিও কলে কথা বলে এই আশ্বাস দেন তিনি।
সিংড়া থানা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, এমপি স্যারের নির্দেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। দ্রুতই সরকারি অনুদানে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে।