সিংড়ার চলনবিলে ধান কাটা উৎসবের উদ্বোধন
শষ্য ভান্ডার খ্যাত নাটোরের সিংড়ায় চলতি মৌসুমের বোরোধান কেটে ধান কাটা উৎসব-১৪৩৩ এর শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার সিংড়া পয়েন্ট এলাকায় কৃষক মোঃ আবুল কালাম আজাদের জমিতে পাকা ধান কেটে চলতি বছরের ধান কাটা উৎসবের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধন শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৩৬ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে কৃষকরা খুব দ্রুতই জমি থেকে ধান কেটে ঘরে তুলতে পারবে। চলতি মৌসুমে তেল, সার ও ডিজেলের কোন সংকট ছিলনা। কৃষি প্রধান এলাকা হওয়ায় এখানে কৃষির ওপরে অতিরিক্ত বিদ্যুৎ বাজেট ছিল। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর সবসময়ই কৃষকদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে।