গাইবান্ধা কলেজ শিক্ষার্থী ফাহমিদ রুমন হত্যার প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী ফাহমিদ রুমনকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এবং তার বড় ভাই রুহিদকে আহত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গাইবান্ধা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ মানববন্ধনে অনুষ্ঠিত হয়। এসময় তারা ফাহমিদ রুমনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন, গাইবান্ধা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দÑআলামিন ইসলাম, সিমরান, জুয়েল আহমেদ, রিফাত সরকার, মাহমুদুল হাসন মাশসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, ফাহমিদ রুমনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন না হলে, সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। বক্তারা আরও বলেন, নিহত ফাহমিদ রুমনের পরিবারকে ন্যায়বিচার দিতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।