চাঁপাইনবাবগঞ্জের স্বরূপনগরে সড়ক ও খাস জমিতে উচ্ছেদ অভিযান
চাঁপাইনবাবগঞ্জ সদরের স্বরূপনগর মৌজার খাসপাড়ায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি রাস্তা শ্রেণির জায়গা উদ্ধারে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিনের দখলদারিত্বের কারণে সংকীর্ণ হয়ে পড়া সরকারি রাস্তাটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বারবার নোটিশ প্রদান এবং সর্বশেষ জেলা প্রশাসকের ৩০ দিনের চূড়ান্ত নির্দেশনার পরও অবৈধ স্থাপনা না সরানোর কারণে প্রশাসন এই উচ্ছেদ কার্যক্রম শুরু করে। অভিযানের দায়িত্বে থাকা সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ জানান, এনজিও অফিস এবং বিত্তবানদের গড়ে তোলা বাণিজ্যিক স্থাপনা ও ভাড়া দেওয়া অবৈধ ঘরগুলো উচ্ছেদে অগ্রাধিকার দেয়া হচ্ছে। তিনি বলেন, সরকারি খাস জমি উদ্ধারের স্বার্থে সামর্থ্যবান ব্যক্তি যাদের নিজস্ব একাধিক বহুতল ভবন রয়েছে, কিন্তু এখানে জমি দখল করে ভাড়া দিচ্ছেন, তাদের ঘরবাড়িসহ এনজিওর অফিসগুলো আমরা এখনই ভেঙে দিচ্ছি। আর যাদের নিজস্ব জমি ও সামর্থ্য আছে, তাদের দখল করা স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য যৌক্তিক সময় প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা কাউকে সম্পূর্ণ বাস্তচ্যুত বা গৃহহীন করতে চাই না। যাদের থাকার মতো কোনো জায়গা নেই, একদমই ভূমিহীন, তারা দরখাস্ত দিলে তাদের চিহ্নিত করে সরকারের আশ্রায়ণ প্রকল্প কিংবা অন্য কোনো খালি খাস জমিতে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযানকালে ম্যাজিস্ট্রেট স্পষ্ট জানিয়ে দেন, মানবিক দিক বিবেচনা করে তাদের দীর্ঘ সময় দেওয়া হলেও পৌরসভার ভেতরে অকৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। ফলে যাদের নিজস্ব জমি রয়েছে বা যারা সরকারের নির্ধারিত স্থানে যেতে আগ্রহী নন, তাদেরকে নিজ দায়িত্বে দ্রুত সময়সীমার মধ্যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।