চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ ২ কারবারী গ্রেফতার
মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজসহ জেলার সর্বস্তরের মানুষকে রক্ষা করার প্রত্যয়ে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চালানো পুলিশের এক অভিযানে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার মো. আশরাফুল অরফে শুকুদ্দির ছেলে মো. সাইফুল ইসলাম (৩৩) এবং একই এলাকার মো. কবিরুল ইসলাম কবিরের ছেলে সিফাত আলী (১৫)। জেলা পুলিশের এক প্রেসনোটে বৃহস্পতিবার গভীর রাতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও এর চাবি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসান সঙ্গীয় কর্মকর্তার সমন্বয়ে ডিবি পুলিশের একটি দল বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামের ইসরাফিলের মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এক অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ২ কেজি ৩২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় মাদক কারবারী মো. আশরাফুল অরফে শুকুদ্দির ছেলে মো. সাইফুল ইসলাম এবং কবিরুল ইসলাম ওরফে কবিরের ছেলে সিফাত আলী কে গ্রেফতার করে। এছাড়া তাদের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি চাবি উদ্ধার করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।