সোমবার, নভেম্বর ২৩, ২০২৭

গোমস্তাপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রদর্শনী

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১৩ জুন ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১৩ জুন ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন
গোমস্তাপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রদর্শনী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রদর্শনীর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সৃজনশীল উদ্ভাবন দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার লাবনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক মডেল উপস্থাপন করে। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা প্রযুক্তি, পরিবেশ, কৃষি ও দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানভিত্তিক নানা উদ্ভাবন তুলে ধরলে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহব্যঞ্জক পরিবেশ লক্ষ্য করা যায়।