চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার ॥ সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিসহ ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মোঃ মতিউর রহমান। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়ার মোঃ রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছার মোঃ রুবেল (২২) এবং পলাশবাড়ী আড়গাড়াহাটের মোঃ কানু ডাকাত ওরফে কালু (৪৭)। শুক্রবার দুপুরে জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মতিউর রহমানের তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ সাহাদাত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে মিনু বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি সিএনজি ও দেশীয় অস্ত্রসহ ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগেও আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। উল্লেখ্য, জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।