শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে মোঃ আশরাফুল আলম (৩১)। সে জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের মোঃ কেতাব আলীর ছেলে। জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, ‘মাদক ব্যবসায়ীদের চাঁপাইনবাবগঞ্জে ঠাঁই নাই’, ‘মাদক ও চোরাচালান মুক্ত চাঁপাইনবাবগঞ্জ’ গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর দিক-নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানের তত্ত্বাবধানে এস.আই (নিঃ) মোঃ আব্দুল মান্নান এর নেত্রত্বে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ৩০ জুলাই দিবাগত রাত পৌনে ১টার দিকে শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে মাদক ব্যবসায়ী আশরাফুল আলম এর বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে আশরাফুল আলম এর কাছ থেকে ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মাদক কারবারীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানায় জেলা পুলিশ।