সৌদি আরবে অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাইয়ে নিহতদের পরিবাকে আর্থিক সহায়তা প্রদান
সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ১১ জন প্রবাসীর পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন এক আনুষ্ঠানিকতার আয়োজনে করে। আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও নিহতদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওই অগ্নিকান্ডে আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের নিহত ১১ জন প্রবাসীর পরিবারের মাঝে প্রাথমিকভাবে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদ শহরের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়। এর মধ্যে ১১ জনই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে আত্রাই উপজেলা প্রশাসন। নিহতদের পরিবারগুলোতে এখনো চলছে শোকের মাতম।