শনিবার, আগস্ট ১৫, ২০২৭

সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি ॥ ১৩ আগস্ট ২০২৬ ০৭:০০ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ॥ ১৩ আগস্ট ২০২৬ ০৭:০০ অপরাহ্ন
সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের ঐতিহ্যবাহী সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রকারী মহলের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গত ১০ আগস্ট একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িয়ে সম্পূর্ণ মনগড়া তথ্য প্রচার করে। উক্ত অসত্য সংবাদের প্রতিবাদে ১২ আগস্ট (বুধবার) বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সারোয়ার মন্ডল বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আমাকে এবং শ্রদ্ধেয় প্রধান শিক্ষককে জড়িয়ে মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। আমরা উপস্থিত সংবাদকর্মীদের কাছে আহ্বান জানাই-আপনারা সরেজমিনে অনুসন্ধান করে প্রকৃত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ দেশবাসীর সামনে তুলে ধরুন।’ উক্ত প্রতিবাদী সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যগণ, স্থানীয় অভিভাবক এবং বিপুল সংখ্যক সাধারণ ছাত্র-ছাত্রী উপস্থিত থেকে এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান।