নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বেঞ্চ ও চারা বিতরণ
নওগাঁ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকৌশলী'র দপ্তরের উদ্যোগে সদর উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৬৯ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেঞ্চগুলো প্রতিষ্ঠান প্রধানদের কাছে হস্তান্তর করেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে সেগুলো হচ্ছে, নওগাঁ প্রনবানন্দ সংস্কৃতি কলেজ সেবাশ্রম'কে ১০ জোড়া, শৈলকোপা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা'কে ১২ জোড়া, নামাজগড় হযরত খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা'কে ১২ জোড়া, কাটখইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়'কে ১০ জোড়া, কুশাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়'কে ১৫ জোড়া এবং পাহাড়পুর জিএম উচ্চ বিদ্যালয়'কে ১০জোড়া বেঞ্চ বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু উপজেলা প্রকৌশলী'র উদ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। এছাড়াও তিনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এবং মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।