গোমস্তাপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৫ আগস্ট) উপজেলার হোগলা নুহু বাজারে মতবিনিময় অনুষ্ঠান হয়। সভায় উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরে আলম। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে। বৈঠকে চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ নির্মূল, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমন, বাল্যবিয়ে, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। এ সময় পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আস্থার সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কোনো অপরাধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের আহ্বান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কার, ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আনজারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ। বৈঠকে সাধারণ মানুষকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, “পুলিশকে তথ্য দিন, সেবা নিন।” জরুরি প্রয়োজনে বা কোনো অপরাধমূলক তথ্য জানাতে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের ০১৩২০-১২৫৬২১ এবং ডিউটি অফিসারের ০১৩২০-১২৫৬২৬ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। গোমস্তাপুর থানা পুলিশের এ ধরনের জনমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।