শুক্রবার, নভেম্বর ০৭, ২০২৭

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লং মার্চ ॥ প্রস্তুতি নিয়ে পলাশবাড়ীতে প্রেস ব্রিফিং

গাইবান্ধা প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন
১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লং মার্চ ॥ প্রস্তুতি নিয়ে পলাশবাড়ীতে প্রেস ব্রিফিং

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর/২৬ ঢাকা থেকে রংপুর ঐতিহাসিক লং মার্চ বাস্তবায়নে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। মাওলানা আবদুল হালিম বলেন, দেশের জনগণ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে। জনগণের সেই প্রত্যাশা ও গণভোটের গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করতে হবে। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের আওতায় আনতে হবে। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এই বিচার নিশ্চিত করা প্রয়োজন। বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট  দ্রুত নিরসনের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা ও নিজেদের কর্মসংস্থান পরিচালনা করতে পারে সেই দিকে নজর রাখতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর এই কর্মসূচি সফল করতে গাইবান্ধাসহ রংপুর বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান ১১ দলীয় জোটের এই নেতা।