শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

ফিলিং স্টেশনে অভিযান ॥ ওজনে কম দেয়ায় জরিমানা

বিশেষ প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৯ অপরাহ্ন সারাদেশ
বিশেষ প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৯ অপরাহ্ন
ফিলিং স্টেশনে অভিযান ॥ ওজনে কম দেয়ায় জরিমানা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সঠিক পরিমাপে তেল বিক্রি নিশ্চিত করতে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পরিমাপে কম দেয়ার অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার পর বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস। অভিযানকালে পরিমাপে কম-বেশি দেওয়ার অভিযোগে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ৪৬ ধারায় গড়িয়ার পার এলাকার মেসার্স সারা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জয়কে মেশিনটি নির্ধারিত সময়ের মধ্যে ঠিক করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই অভিযোগে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের কামিনী ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. সোহেলকে সতর্ক করা হয়। অন্যদিকে, নগরীর কাশিপুর এলাকার রাব্বি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়ায় কোনো জরিমানা করা হয়নি। অভিযান পরিচালনাকালে বাবুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান এবং পরিদর্শক আলামিন সরকার উপস্থিত ছিলেন। এবিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, বিভিন্ন ফিলিং স্টেশনে পরিমাপে কম দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ বিবেচনায় নিয়ে ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।