দুর্গাপূজার মণ্ডপে ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (১৯ অক্টোবর) ডিএনসির জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে সদর মডেল থানার বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দির, দুর্গা ও রাধাগোবিন্দ মন্দির এবং চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানি মন্দির পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের মধ্যে মাদক সেবনের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন ডিএনসির কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা। ডিএনসির উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা সৃষ্টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোতে মানুষের ব্যাপক সমাগম ঘটে। এ সুযোগকে কাজে লাগিয়ে মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করা সম্ভব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে ডিএনসির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। স্থানীয়রা জানান, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়বে এবং সমাজে মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে। মাদকমুক্ত সমাজ গঠন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশ অক্ষুন্ন রাখতে চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।