ভালুকায় ৬৮ পূজামণ্ডপে বিএনপি নেতার নগদ অর্থ উপহার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ৬৮টি পূজামণ্ডপে নগদ অর্থ উপহার দিয়েছেন বিএনপি নেতা মুহাম্মদ মোর্শেদ আলম। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তাঁর নিজস্ব তহবিল থেকে দেওয়া এ উপহার পূজামণ্ডপগুলোর নেতাদের হাতে পৌঁছে দেন তাঁর প্রতিনিধিরা। অসুস্থতার কারণে তিনি নিজে উপস্থিত থাকতে পারেননি। উপহার পাওয়া ৬৮টি পূজামণ্ডপের মধ্যে উপজেলার ১১টি ইউনিয়নের ৬৩টি এবং ভালুকা পৌরসভার পাঁচটি পূজামণ্ডপ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। মোর্শেদ আলমের প্রতিনিধি হিসেবে মল্লিকবাড়ি ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, কাচিনা ইউনিয়নে সাদিকুর রহমান লিটন, সেলিম তালুকদার ও বাবুল সরকার এবং হবিরবাড়ি ইউনিয়নে শামীম আহমেদ উপহার বিতরণ করেন। ভালুকা পৌরসভাসহ অন্যান্য ইউনিয়নে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তিয়াস মাহমুদ শুভর নেতৃত্বে উপহার বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপির সদস্য রাশিদা খাতুন ও আহমেদ ইমতিয়াজ বুলবুল, রাজৈ ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাজু তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ তিয়াস মাহমুদ শুভ বলেন, মোর্শেদ আলমের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর নেতাদের হাতে নগদ অর্থ ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। উপহার পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মোর্শেদ আলমকে অভিনন্দন জানান। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে মোর্শেদ আলম প্রতিবছর তাঁর নিজস্ব তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। মোহাম্মদ মোর্শেদ আলম ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।