নওগাঁর বদলগাছীতে গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বদলগাছী-মিঠাপুর সড়কের সাথে যুক্ত করে মিঠাপুর-দই ভান্ডার-তাজপুর ফুলমিয়ার বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন বদলগাছী-মহাদেবপুর আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। মোট ১৩৫০ মিটার দৈর্ঘ্য সড়কটির ৬০০ মিটার থেকে ৮৫০ মিটার পর্যন্ত সড়কটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বদলগাছী। এই অংশ নির্মিত হলে পুরো ১৩৫০ মিটার রাস্তাটি নির্মাণ শেষ হবে। সড়কটি নির্মাণ করতে মোট ব্যয় ধরা হয়েছে ২৫ লক্ষ টাকা। উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান বলেছেন, গ্রামীণ এই সড়কটি নির্মাণ সম্পন্ন হলে ঐতিহাসিক পাহাড়পুর এবং আক্কেলপুরের সাথে সংযোগ স্থাপিত হবে। এর ফলে প্রায় ১০টি গ্রামের কমপক্ষে ২৫ হাজার মানুষের চলাচল সুবিধা সৃষ্টি হবে। একইসাথে কৃষি প্রধান এই এলাকার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন সহজ হবে। এ সময় বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি, বদলগাছী থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, বদলগাছী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।