গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড ॥ ৩টি গরুর মৃত্যু
গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড ॥ ৩টি গরুর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডে ঝুট-তুলাসহ বিভিন্ন মালামাল ভস্মিভূত এবং তিনটি গরু পুড়ে মারা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে শুরু করে, পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে গোডাউনের এক পাশে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে। এছাড়া, অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা তুলা, ঝুট ও ভাঙারি মালামালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস।