শনিবার, আগস্ট ১৫, ২০২৭

র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি ॥ ১৪ আগস্ট ২০২৬ ০৭:২৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ॥ ১৪ আগস্ট ২০২৬ ০৭:২৬ অপরাহ্ন
র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার


র‌্যাবের অভিযানে শরীয়তপুরের জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একজনকে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার হয়েছে। র‌্যাব-৮ মাদারীপুর ও র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের যৌথ অভিযানে ওয়াসিম মাদবর (৩০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়াসিম মাদবর শরীয়তপুর জেলার জাজিরা থানার ছাব্বিশপাড়া এলাকার নূরুল ইসলাম মাদবরের ছেলে। র‌্যাব এক প্রেসনোটে শুক্রবার জানায়, বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ওয়াসিম মাদবর কে গ্রেপ্তার করা হয়। মামলার বরাতে র‌্যাব আরও জানায়, গত ১০ আগস্ট শরীয়তপুরের জাজিরা থানার চর ধুপুড়িয়া চরকান্দি এলাকায় বাদী মো. দিবর সরদারের বসতবাড়িতে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা সংঘবদ্ধ হয়ে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে বাদীর বাবা আব্দুল মান্নান সরদারকে লাথি, কিল-ঘুষিসহ মারধর করে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল মান্নান সরদারকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার আসামীদের গ্রেফতারে নামে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ওয়াসিম মাদবর কে আটক করে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।