নাচোলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্য প্রস্তুতি সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠভাবে উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দুরুল হোদা, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, পৌর জামায়াতে নায়েবে আমির রফিকুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি সুধেন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আশিষ কুমার চক্রবর্তী প্রমুখ। এছাড়াও নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, এলজিইডি অফিসার সাদিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকমন্ডলী এ সভায় বক্তব্য রাখেন। এবছর নাচোল উপজেলায় ১৭টি মন্দিরে পূজা উদযাপন হবে। এ উৎসব ১৬ অক্টোবরে আরম্ভ হয়ে ২১ অক্টোবর বিসর্জন হবে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার আওতায় থাকবে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ বিভিন্ন বাহিনী কঠোর অবস্থানে থাকবে। পাশাপাশি প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত টহল থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। উন্মুক্ত প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন, পূজা উৎসব চলাকালীন সময়ে কেউ যেন নেশাগ্রস্থ না থাকেন সে বিষয়ে সজাগ দৃষ্টি থাকবে। উচ্চ স্বরে ডিজে গানবাজনা যেন না বাজায়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, দূর্গা উদযাপন করে সময়ের মধ্যে উৎসব মুখর পরিবেশে যেন বিসার্জন দিতে পারে, সে বিষয়ে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান। তারা বলেন, মুসলমানদের মসজিদের নামাজের সময়সুচি জেনে নামাজের সময়ে বাদ্যযন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করেন।