গোমস্তাপুরে দুঃস্থ-অসহায়দের মাঝে চেক ও আর্থিক সহায়তা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকেও এসব সহায়তা দেওয়া হয়। বুধবার বিকেলে গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সহায়তার চেক তুলে দেয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে দুঃস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকেও বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি উপকারভোগীদের হাতে চেক ও আর্থিক সহায়তা তুলে দেন। প্রধান অতিথি ড. মু. মিজানুর রহমান বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে সরকার রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জরুরি চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যয় মেটাতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।