রাজশাহীতে পত্রিকা কার্যালয়ে মাদক কারবারীদের সশস্ত্র হামলা-ভাংচুর-লুটপাট
রাজশাহীতে পত্রিকা কার্যালয়ে মাদক কারবারীদের সশস্ত্র হামলা-ভাংচুর-লুটপাট
রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলার বিবেক’ পত্রিকা কার্যালয়ে সশস্ত্র হামলা চালিয়েছে এক দল মাদক কারবারি ও সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় নগরীর অক্ট্রয়মোড়ে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে এ হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসের আসবারপত্র ভাংচুর ও অফিসে অবস্থানরত নারী সাংবাদিকসহ চার জন সাংবাদিককে মারধর করে এবং অফিসের টেবিলের ড্রয়ারে থাকা ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া অফিসের সিসি টিভি ক্যামেরার হার্ডডিক্সও নিয়ে যায় তারা। এসময় মাদক কারবারিরা পারভেজ নামের একজন রিপোর্টারকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে ছেড়ে দেয়। মাদক কারবারিদের আকস্মিক হামলায় অফিসে অবস্থানরত সাংবাদিকরা ও আশপাশের লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এসময় তাদের হামলায় চারজন সাংবাদিক আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নেন। হামলাকারীরা বাংলার বিবেক পত্রিকার প্রকাশক সম্পাদক আবু হেনা মোস্তফাজামান, পত্রিকাটির নির্বাহী সম্পাদক, দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানীকে হত্যার হুমকি দিয়ে যায়। হামলাকারী মাদক কারবারিদের সহযোগী আসাদুল ইসলাম দুখুকে বোয়ালিয়া থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় মতিহার থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়েছেন রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন, দফতর সম্পাদক ইফতেখার আলম বিশাল, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো প্রমুখ এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমমূলক শাস্তির দাবি জানান।