শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাগাতিপাড়ায় বিএনপির আলোচনা সভা

নাটোর প্রতিনিধি ০৭ আগস্ট ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ০৭ আগস্ট ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাগাতিপাড়ায় বিএনপির আলোচনা সভা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের একতলা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আলোচনা সভা ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় পাঁকা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক দুলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, নাটোর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজুর রহমান মনি, বাগাতিপাড়া উপজেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিলন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক আব্দুল বারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী-সমর্থকরা। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, দেশ যেন আর কখনও স্বৈরাচারী শাসনের পথে না ফিরে যায়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান তারা। নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে নির্বাচনে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।