গোমস্তাপুরে নবাগত ইউএনও’র সাথে সুধীজন ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের সাথে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মো. জিল্লুর রহমান। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে বক্তব্য দেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, এনায়েত করিম তোকি ও আশরাফুল হক, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল এবং সাংবাদিক আতিকুল ইসলাম আজম, জুয়েল আলীসহ অনেকে। মতবিনিময় সভায় বক্তারা উপজেলার মাদক সমস্যা, যানজট, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ, রাসায়নিক সার বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করাসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। নবাগত ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, গোমস্তাপুরের মানুষের সেবা নিশ্চিত করা এবং উপজেলার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।