বুধবার, আগস্ট ১২, ২০২৭

৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে চোরাই মোবাইলসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি ॥ ১১ আগস্ট ২০২৬ ০৬:১৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ॥ ১১ আগস্ট ২০২৬ ০৬:১৩ অপরাহ্ন
৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে চোরাই মোবাইলসহ আটক ৩


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। জব্দ মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তিরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার শিয়ালমারা গ্রামের মো. সানাউল্লাহ (২৮), মো. হারুন-অর-রশিদ (১৯) ও মো. ইয়াসিন আলী (১৯)। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার-১৮৫ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এসময় ভারতীয় বিভিন্ন মডেলের ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ করা মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।