প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শারদীয় দুর্গোৎসব সমাপনী
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে শহরের বিভিন্ন মণ্ডপ থেকে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনস্থলে নিয়ে যাওয়া হয়। পরে শহরের পাশে পুনর্ভবা নদীতে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা বিসর্জন দেন ভক্তরা। এর আগে বিকেলেই দিনাজপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে একে একে বের হতে থাকে বিসর্জনের শোভাযাত্রা। ট্রাক্টরে বর্ণিল সাজে সাজানো প্রতিমার সঙ্গে ঢাকঢোলের বাদ্য আর বাজনার তালে তালে নাচে-গানে মেতে ওঠেন সব বয়সের ভক্ত-পূজারীরা। ভক্তদের দেবী বন্দনা ও শোভাযাত্রা শেষে নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী এই দুর্গোৎসবের। এদিকে, বিজয়া দশমী উপলক্ষে দিনাজপুর শহরে রাজনৈতিক ও সামাজিকভাবে নানা সৌজন্যমূলক উদ্যোগ দেখা গেছে। হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে শহরের মডার্ন মোড়ে জেলা বিএনপির পক্ষ থেকে একটি শুভেচ্ছা মঞ্চের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে সেখান থেকে বিসর্জন শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তদের বিজয়ার শুভেচ্ছা জানানো হয়। এছাড়া নিমতলা মোড়ে পৃথক শুভেচ্ছা মঞ্চ স্থাপন করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শোভাযাত্রায় অংশ নেওয়া পূজারীদের মাঝে সুপেয় পানির বোতল বিতরণ করেন। সব মিলিয়ে আনন্দ, সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তি-শৃঙ্খলার সঙ্গে শেষ হলো দিনাজপুরের শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকাসহ দিনাজপুর শহরের পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ৬৪টি এবং ব্যাটালিয়ন সদর হতে ০৩ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত ২২টিসহ সর্বমোট ৮৬টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে গত ১৬ অক্টোবর হতে ২১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন। এ সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।” বিজিবির গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।