জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি
‘মা, তুমি আবার এসো’ এমন আকুতি আর ভক্তদের চোখে বিদায়ের অশ্রুতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে জয়পুরহাটে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) দশমীর বিহিত পূজা শেষে দুপুরের পর থেকে জেলার বিভিন্ন পূজামণ্ডপে শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। পাঁচ দিন ধরে চলা উৎসবের শেষ দিনে মণ্ডপে মণ্ডপে ছিল ভক্তদের ভিড়, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও সিঁদুর খেলার আয়োজন। আনন্দের পাশাপাশি দেবীকে বিদায়ের সুরে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাঁচ দিন পূজা-অর্চনা শেষে বিজয়া দশমীতে তাঁকে বিদায় জানিয়ে কৈলাসে ফিরে যাওয়ার প্রার্থনা করেন ভক্তরা। বুধবার জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে বিজয়া শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জয়পুরহাটের ছোট যমুনা নদীর ঘাট এবং পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে নির্ধারিত সরকারি পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পরে ভক্তরা শান্তিজল গ্রহণ করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব। জেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার জয়পুরহাটের পাঁচ উপজেলায় মোট ১১০টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। উৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি র্যাব নিরাপত্তা পরিস্থিতি তদারকি করে।