বিদেশ পালানোর সময় পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
বিদেশ পালানোর সময় পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
বিদেশে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তাকে গ্রেফতার করা হয়। আটক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি এলাকার মোকাররম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, দুপুরে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করে আমাদের জানানো হয়েছে। আমাদের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলা এবং দুই শিক্ষার্থীদের নিহতের ঘটনায় তার নামে হত্যা মামলা রয়েছে। পাবনায় এনে আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম (১৯) ও মাহবুব হাসান নিলয় (১৪) নামের দুই শিক্ষার্থী নিহত হন এবং অসংখ্য শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এই ঘটনায় দুটি মামলাতেই সীমান্ত আসামি। এরপর থেকেই সে পলাতক ছিলেন।