বাড়ি বাড়ি গিয়ে রহনপুরে পৌরসভার ভিজিএফের তালিকা যাচাই এ ইউএনও!
বাড়ি বাড়ি গিয়ে রহনপুরে পৌরসভার ভিজিএফের তালিকা যাচাই এ ইউএনও!
ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া স্পেশাল ভিজিএফের তালিকা বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাই শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর প্রশাসকের দায়িত্বে থাকা গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। সোমবার (১৭ মার্চ) রহনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ডাকবাংলাপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করেন তিনি। এসময় তার সাথে ছিলেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, রহনপুর পৌরসভার তালিকা প্রনয়নকারী জাকিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক রাশেল আলীসহ অন্যরা। উপস্থিত সাংবাদিকদের ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, তালিকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সোমবার থেকে বুধবার পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করা হবে। এ কাজে তিনিসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা নিয়োজিত থাকবেন। তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে তালিকা চুড়ান্ত করে ঈদের আগেই ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রহনপুর পৌরসভায় ৪ হাজার ৬২১টি স্পেশাল ভিজিএফের কার্ড বরাদ্দ করা হয়।