শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ঈশ্বরদীতে ‘নেসকো’র প্রিপেইড মিটার বসানোর প্রতিবাদে সড়ক অবরোধ

WP Import ২৯ অক্টোবর ২০২৫ ০৪:৫২ অপরাহ্ন পাবনা
WP Import ২৯ অক্টোবর ২০২৫ ০৪:৫২ অপরাহ্ন

ঈশ্বরদীতে ‘নেসকো’র প্রিপেইড মিটার বসানোর প্রতিবাদে সড়ক অবরোধ

পাবনার ঈশ্বরদীতে বসতবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)’র প্রিপেইড মিটার বসানোর প্রতিবাদে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) ভবন ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ। এ বিক্ষোভ সমাবেশে শত শত নারী-পুরুষ অংশ নেন। ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আয়োজনে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় পৌর শহরের আলোবাগ মোড়ে নেসকো ভবনের সামনের সড়কে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা বিক্ষোভ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর ১২টার পর ঈশ্বরদী নেসকোর নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) আব্দুন নূর প্রিপেইড মিটার বসানোর বন্ধের দাবি মেনে নিলে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যায়। এদিকে, প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকায় প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক আফম রাজিবুল আলম ইভান, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন, সচেতন নগরবাসী ফোরামের সদস্য ইউনুস আলী ভাষা, মুস্তাকিন খান শামীম, কামাল হোসেন বিশ্বাস, সমন্বয়কারী রাগিব আহসান রিজভী, মশিউর রহমান নোমান, সুলতানা পারভীন, সাবেক ছাত্রদল নেতা আয়নাল হোসেনসহ অনেকে। সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক আফম রাজিবুল আলম ইভান বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে বিদ্যুৎ বিভাগের মন্ত্রী-আমলারা দূর্নীতি ও লুটপাটের উদ্দেশ্যে সাধারণ মানুষের উপর অবৈধ প্রিপেইড মিটার চাপিয়ে দিয়েছিল। প্রিপেইড মিটারের নামে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ ও ভ্যাট আদায়ের পায়তারা চালিয়ে যাচ্ছে। এ অবৈধ মিটারে রিচার্জের পর গ্রাহকরা দেখতে পাই না তার মিটারে কত টাকা আছে এবং কত টাকা প্রতি ইউনিট প্রতি কেটে নিচ্ছে। এদেশের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের। তারা বিদ্যুতে বিল এক মাস না দিতে পারলে পরের মাসে এক সঙ্গে দিয়ে দেয়। কিন্তু প্রিপেইড মিটার বসানোর ফলে মিটারের ব্যালেন্স শেষ হলে বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হবে। ইতিমধ্যে ঈশ্বরদীতে যাদের প্রিপেইড মিটার দেয়া হয়েছে তাদের সীমাহীন দূভোর্গ পোহাতে হচ্ছে। দূভোর্গের শিকার গ্রাহকরা আজকের এই বিক্ষোভে অংশ নিয়ে মিটার পরিবর্তনের দাবি জানাতে এসেছেন। নেসকোর নির্বাহী প্রকৌশলীর অফিস ঘেরাও করার পর বিক্ষোভকারীদের তোপের মুখে অবশেষে নির্বাহী প্রকেীশলী আব্দুন নূর লিখিত ও মৌখিকভাবে প্রিপেইড মিটার বসানো স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন। ঈশ্বরদীতে ইতিপূর্বে লাগানো সকল প্রিপেইড মিটার নেসকো নিজ দায়িত্বে পাল্টে আগের মিটার লাগিয়ে দিবেন বলেও প্রতিশ্রুতি দেন। নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর বলেন, আপনাদের অসুবিধার কথা বিবেচনা করে জনস্বার্থে আপাতত প্রিপেইড মিটার বসানো বন্ধ ঘোষণা করছি। যে প্রিপেইড মিটারগুলো বসানো হয়েছে, এগুলো আলোচনা সাপেক্ষে খুলে নেয়া হবে।