জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন
জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন
জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক ও খেলোয়ারা। সোমবার (৮ আগস্ট) সন্ধ্যার আগে জয়পুরহাট স্টেডিয়ামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা ফুটবল খেলোয়ার সমিতির সভাপতি মতিউর রহমান হবু, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়ার টুটুল হোসেন বাদশা, ক্রীড়া সংগঠক আরিফুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ। বক্তারা বলেন, গত ৩১ আগস্ট জেলা প্রশাসককে আহবায়ক ও জেলা ক্রীড়া অফিসারকে সদস্য সচিব করে জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কিন্তু খেলার সাথে সম্পৃক্ত নেই এমন ব্যক্তিকেও এই কমিটিতে রাখা হয়েছে। ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও কর্মমূল্যায়নহীন এ্যাডহক কমিটির কারণে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা হতাশ হয়ে পড়েছেন। ফলে জেলার ক্রীড়া উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এজন্য আমাদের তিন দফা দাবি মানতে হবে। দাবিগুলো হচ্ছে দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গন চাই, আগামী ৩ দিনের মধ্যে জয়পুরহাট জেলা ক্রীড়ার এ্যাডহক কমিটির সংস্করণ চাই। যেখানে ক্রীড়াঙ্গনের সকলের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হবে ও বিগত দিনে জয়পুরহাট জেলার ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠক ও খেলোয়াড়দের কর্মমূল্যায়নের ভিত্তিতে এ্যাডহক কমিটির সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। এসব দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসারকে স্মারকলিপি দেওয়া হয়।