চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, লোকজ ও গ্রামীন মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খাবার পরিবেশন, পুরস্কার বিতরনী, গ্রামীন খেলা-ধুলোসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। এসব অনুষ্ঠানে অংশ নেয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। বিপুল সংখ্যক শিশু-কিশোর, নারী-পুরুষ, নতুন লালপেড়ে হলদে শাড়ী, পায়জামা-পাঞ্জাবী পরে গলায় গামছা ঝুলিয়ে নানা বেশে আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে ‘এসো হে বৈশাখ’ গাইতে গাইতে শোভাযাত্রায় অংশ নেন।

হাজার বছরের বাঙ্গালী ঐতিহ্য তুলে ধরে শহরব্যাপী শোভাযাত্রায় মানুষের ঢল নামে। শিশুরা পাগড়ি পড়ে মুখে রুমাল দিয়ে বর-কনে সেজে ‘গায়ে হলুদ’ অনুষ্ঠান পরিবশেন করে যা ছিল আকর্ষণীয়। ছিল গরুর গাড়ী, ঘোড়ার গাড়ি, পালকি, জাল ও খলই দিয়ে জেলেদের মাছ ধরা, গ্রাম বাংলার বিভিন্ন রুপ ফুটিয়ে তোলার বিভিন্ন আয়োজন। অনেকে বহন করে বিভিন্ন মুখোস, মাটির হাঁড়ি-পাতিল, কুলো, আম ফলসহ বিভিন্ন বিভিন্ন প্রতিকৃতি। অনেকের হাতে ছিল বেহালা-একতারা, ঢাক-ঢোল। কেউ সাজেন কাস্তে হাতে কৃষক-কৃষাণী, আবার কেউ কাকতাড়ুয়া। কেউ বা কলসি কাঁকে গৃহবধু। শিশুরা গালে ও হাতে রং-তুলি দিয়ে লেখে ‘শুভ নববর্ষ’।

বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবস্থা করে পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ-মরিচ,মাছ ভাজা, সজনে ডাঁটা, লাড্ডু , বাতাসাসহ বিভিন্ন দেশী খাবার। জেলা প্রশাসকের কার্যালয়ের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চ চত্বরে স্থানীয় ঐতিহ্য অনুযায়ী সাংস্কৃতিক অনুষ্ঠান গম্ভিরা, আলকাপ, যোগীর গান, কবি গানসহ অন্যান্য আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় দিনব্যাপী লোকজ মেলার। মেলার ষ্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব কর্মসূচীতে অংশ নেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, জেলা পরিষদ প্রধান নির্বাহী আফাজ উদ্দিন (উপ-সচিব), স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান,

সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগন। এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, জেলা বিএনপি বিশাল শোভাযাত্রা, চাঁপাইনবাবগঞ্জ ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করে। কর্মসূচী থেকে ফিলিস্তিনের প্রতি একাত্মতা জানানো হয়। এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়েও বিপুল উৎসাহে বর্ষবরণের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এছাড়া জেলার সকল উপজেলায় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে ১লা বৈশাখ পালন করা হয়। দিনভর বর্ষবরণে বিভিন্ন সামাজিক সংগঠন নানান অনুষ্ঠানের আয়োজন করে।