শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

WP Import ১৬ জানুয়ারি ২০২৪ ০৫:২৫ অপরাহ্ন পাবনা
WP Import ১৬ জানুয়ারি ২০২৪ ০৫:২৫ অপরাহ্ন

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

 

পাবনার চাটমোহর ও বেড়া আমিনপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পাবনার চাটমোহরে র‌্যাবের গাড়ির ধাক্কায় রইছ শেখ (৬২) নামের এক বৃদ্ধ এবং বেড়ার আমিনপুরে মোটর সাইকেল-করিমনের সংঘর্ষে শাহিনুর রহমান লিটন (৪৩) নিহত হয়েছেন।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকা এবং বেড়ার আমিনপুর থানার নতুন বাজার হাট এলাকায় এ দর্ঘটনা ঘটে।
নিহত রইছ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত পর্বত শেখের ছেলে।
স্বজন, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রইছ শেখ স্থানীয় মসজিদে নামাজ পড়ে চাটমোহর-টেবুনিয়া সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় রইছ শেখ দোটানায় পড়লে র‌্যাবের গাড়ি তাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যান ওই বৃদ্ধ। এসময় দুই পা গাড়ির চাকায় পিষ্ট হলে গুরুতর আহত হন রইছ শেখ।

পরে তাকে র‌্যাব সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। পরে ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী নেওয়ার পথে নওদাপাড়া এলাকায় পৌঁছালে রাত ৯ টার দিকে মারা যান রইছ শেখ।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, র‌্যাব-১২’র একটি গাড়ির ধাক্কায় রইছ শেখ নামের এক বৃদ্ধ আহত হয়েছিলেন। পরে রাজশাহীতে নেবার পথে তিনি মারা গেছেন বলে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি। এ বিষয়ে সিপিসি-২, র‌্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার এহতেশামুল হক খানের সাথে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সাংবাদিক পরিচয় দিয়ে ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া দেননি। অপরদিকে পাবনার বেড়া উপজেলার আমিনপুরে মোটরসাইকেল ও করিমন গাড়ির সংঘর্ষে শাহিনুর রহমান লিটন মিয়া (৪৩) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আমিনপুর থানার নতুন বাজার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজশিক্ষক সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত শামসুর রহমান সামা মিয়ার ছেলে। তিনি কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং পাবনা পল্লী বিদুৎ সমিতি-২ এর সভাপতির দায়িত্ব পালন করতেন ।