শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোর ভ্যানচালক পারভেজ এর মরদেহ উদ্ধার

WP Import ০২ এপ্রিল ২০২৪ ০৫:২৩ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০২ এপ্রিল ২০২৪ ০৫:২৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোর ভ্যানচালক পারভেজ এর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিখোঁজের একদিন পরে পারভেজ আলী (১৪) নামে এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টার দিকে চৌডালা ইউনিয়নের বাগমারা এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পারভেজ গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গ্রামের দুলাল আলীর ছেলে। ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩১ মার্চ রোববার রাত থেকে নিখোঁজ ছিল পারভেজ। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের রাতে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি পারভেজ। ২ এপ্রিল মঙ্গলবার সকালে বাগমারা এলাকায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল ইসলাম জানান, পারভেজের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। তাই ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতেই কে বা কারা তাকে হত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।