গোমস্তাপুরে যুবলীগনেতা সেরাজুল ইসলামের জানাজা সম্পন্ন
গোমস্তাপুরে যুবলীগনেতা সেরাজুল ইসলামের জানাজা সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার (৪৮) রবিবার সকাল ১০-১৫ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্না … রাজেউন)। তিনি সকালে তার কলেজ পাড়াস্থ বাসভবন থেকে বের হয়ে একটি সভায় যোগদান করতে যাবার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামাজ বিকেল ৫-৩০ টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মু. জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও মরহুমের নিকটাত্মীয় গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সচিব জিল্লার রহমান, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস ও তারিক আহমদ, মরহুমের সন্তান সাখাওয়াত হোসেন মিলন প্রমুখ। মরহুমের জানাযায় আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক, ইয়াসিন আলী শাহ, বিএনপি নেতা এনায়েত করিম তোকি, জামায়াতে ইসলামী নেতা ডঃ মিজানুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।