শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুর রেলস্টেশন থেকে পণ্য ছাড়াই গেল সবজি পরিবহনকারী স্পেশাল ট্রেন

WP Import ২৬ অক্টোবর ২০২৪ ০৫:৪৪ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৬ অক্টোবর ২০২৪ ০৫:৪৪ অপরাহ্ন

রহনপুর রেলস্টেশন থেকে পণ্য ছাড়াই গেল সবজি পরিবহনকারী স্পেশাল ট্রেন

চাষীদের উৎপাদিত বিভিন্ন পণ্য সহজে, অল্প সময়ে এবং কম খরচে পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে কাঁচামাল (সবজি) পরিবহনের জন্য একটি ট্রেন চালু করে রেল বিভাগ। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে শনিবার প্রথম দিনেই কোনো পণ্য ছাড়াই ছেড়ে যায় সবজি পরিবহনের স্পেশাল ট্রেন। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে জেলার রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শরু করে ট্রেনটি। তবে এই ট্রেনে কোনো চাষি তাদের সবজি পরিবহন করেননি। ফলে প্রথমদিন ট্রেনটি ছেড়েছে কোনো প্রকার সবজি ছাড়াই। এতে ক্ষতিগ্রস্থ রেল বিভাগ। সপ্তাহের প্রতি শনিবার এই ট্রেন রহনপুর রেল স্টেশন থেকে কাঁচামাল নিয়ে ঢাকায় যাওয়ার জন্য চালু করে রেল বিভাগ। কিন্তু কৃষি পন্য ট্রেনে পরিবহন হচ্ছে না। আগামীতেও হবে কিনা, সে নিয়েও নানা শংকায় রেল বিভাগ। এর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনের জন্য ‘মাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু করেও লাভের মুখ দেখেনি রেল কর্তৃপক্ষ। ফলে কয়েকদিন চলেই বন্ধ হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে কৃষকদের জন্য চালু করা কাঁচামাল (সবজি) পরিবহনের জন্য ট্রেনটি চালু রাখতে জেলার কৃষকদের আন্তরিক ও সহযোগিতা করা প্রয়োজন। অন্যথায় বিকল্প পরিকল্পনা করতে পারে রেল বিভাগ। এতে করে জেলার কৃষকদের জন্য বড় ক্ষতির কারন হতে পারে। রহনপুর এলাকার বাসিন্দা সবুর বলেন, পিকআপের থেকে ট্রেনের ভাড়া কম। তবে ট্রেনে পরিবহন করতে এই ভাড়ার পাশাপাশি কুলি খরচ, ফসলের মাঠ থেকে স্টেশন এবং স্টেশন থেকে মোকামের আলাদা পরিবহনে খরচ পড়ে যাচ্ছে কেজি প্রতি ৩ টাকার বেশি। অথচ সড়কপথে ট্রাকে মাল পরিবহন করতে তাদের খরচ হয় কেজি প্রতি দুই থেকে আড়াই টাকা। রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুনুর রশিদ বলেন, রাতে পণ্যবাহী স্পেশাল ট্রেনটি রহনপুর স্টেশনে এসেছিল। সকাল ৯টা ১৫ মিনিটে কোনো কৃষিপণ্য ছাড়াই ট্রেনটি ছেড়ে গেছে। এই ট্রেনে কেউ কোনো সবজি পরিবহন করেননি। জেলার আমনুরা স্টেশন দিয়ে ১৩টি স্টেশনে যাত্রাবিরতি করে বিকেল ৫টা ২০ মিনিটে তেজগাঁও স্টেশনে থামবে ট্রেনটি। এতে প্রতি কেজি কৃষিপণ্যে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা। রেল বিভাগের ক্ষতি বাঁচাতে এবং জেলার কৃষকদের সার্থে কাঁচামাল (সবজি) পরিবহনের জন্য বরাদ্দ ট্রেনে সবজি পরিবহনের জন্য এগিয়ে আসবে জেলার কৃষকরা, এমনটায় আশা করছেন সংশ্লিষ্টরা।